ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ

  • প্রকাশের সময় : Nov 25, 2026 ইং
১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার পরও শ্রমিক অসন্তোষ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ পুরোপুরি থামেনি। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। চলমান শ্রমিক আন্দোলনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর শ্রমিকরা সকালে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে ভোগড়া বাইপাসসহ কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। নাওজোর ও টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এদিকে শ্রমিক আন্দোলনের মধ্যে গাছা এলাকায় বিএনপি নেতার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ মজুরি বাড়ছে ৩৬ শতাংশ। নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। তবে ঘোষিত মজুরি নিয়ে শ্রমিকদের প্রতিক্রিয়া এবং বন্ধ কারখানা চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা থাকায় বুধবার সকালেও শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্ত
রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ১টার পর ভোটাভুটির মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুই প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। ফলে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-৪ বা সর্বনিম্ন গ্রেডে মজুরি ১৭ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এ ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের পরও গাজীপুরের শিল্পাঞ্চলে আগের দিনের আন্দোলনের রেশ রয়ে গেছে। শ্রমিকদের একাংশ নতুন মজুরি কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে অনেক কারখানার শ্রমিক বুধবার সকালে কাজে যোগ দিয়েছেন।

ভোগড়া বাইপাসে যান চলাচল বন্ধ
বুধবার সকাল থেকে গাজীপুর চৌরাস্তা, ভোগড়া বাইপাস, চৌধুরীবাড়ী, নাওজোর, বোর্ডবাজার ও মালেকের বাড়ি এলাকায় বিভিন্ন পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। টেকনো ফাইবার, ইউরোজিন্স, মাস্টেট, স্কয়ার গার্মেন্টস, প্যানারোমা গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

টেকনো ফাইবার কর্তৃপক্ষ শ্রমিকদের বিকেল ৩টায় কারখানায় প্রবেশের নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে। ইউরোজিন্স কারখানায় বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে আগের দিন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর শ্রমিকরা সকালে ফটকে এসে জড়ো হন। একপর্যায়ে তাদের কেউ কেউ মহাসড়কে অবস্থান নেন। এতে ভোগড়া বাইপাস হয়ে বিভিন্ন দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, শ্রমিকদের কেউ বাড়ি ফিরে যাচ্ছেন, আবার কেউ সড়কে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

নাওজোর ও গাজীপুরায় সংঘর্ষ
নাওজোর এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সময়ে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। 

এর আগে মঙ্গলবার দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের সময় একটি পুলিশ বক্সে আগুন দেয়ার ঘটনা ঘটে। চলমান আন্দোলনের মধ্যে ওই এলাকার শ্রমিকদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

গাছায় বিএনপি নেতার কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ডেকেরচালা এলাকায় বিএনপি নেতা হাজী মো: আবদুল জব্বার সরকারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি গাছা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

অভিযোগ অনুযায়ী, শ্রমিক আন্দোলনের নামে মুখোশ পরা দুর্বৃত্তরা তার কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

আব্দুস জব্বার বলেন, ‘শ্রমিক আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঢুকে গেছে। তারাই উস্কানি দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেয়ার চেষ্টা করছে।’ 

তার অফিসেও আওয়ামী দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শ্রমিকরা এ কাজ করতে পারে না।’ 

শিল্পাঞ্চলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
মজুরি বোর্ডের সিদ্ধান্তের পর গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের কাজে ফেরানো এবং বন্ধ কারখানাগুলো চালুর বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থান নিয়েছে। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের গাজীপুরের এসপি আমজাদ হোসেন।

মজুরি বোর্ডের ঘোষণার পর শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক অনুপ্রবেশের অভিযোগও তুলছে বিএনপি ও সমমনা দলগুলোর কয়েকটি সূত্র। তারা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। 

নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার আগে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের আস্থা ফিরিয়ে আনা, বন্ধ কারখানা চালু করা এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করাই এখন প্রশাসন ও শিল্পমালিকদের বড় চ্যালেঞ্জ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স