
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই মহড়ার চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’। এর চূড়ান্ত অনুশীলন অনুষ্ঠিত হবে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা স্বর্ণদ্বীপে।
এই বিশেষ সামরিক অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
উল্লেখ্য, বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।