
রেসলার থেকে অভিনেতা—ডোয়াইন জনসনের পর চমকে দিয়েছেন আরও এক তারকা। তিনি আর কেউ নন, জন সিনা। আলো ফেলা যাক তাঁর জীবন ও ক্যারিয়ারে।
শুরুটা ছিল একেবারেই সাধারণ
১৯৭৭ সালের ২৩ এপ্রিল, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্ট নিউবেরিতে জন্মগ্রহণ করেন জন সিনা। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তাঁর বাবা জন সিনা সিনিয়র ছিলেন রেসলিংয়ের ধারাভাষ্যকার ও প্রমোটর। ফলে ছোটবেলা থেকেই কুস্তির প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল।তবে জীবনটা শুরু থেকেই সহজ ছিল না। স্কুলজীবনে জন শারীরিক গঠনের কারণে প্রায়ই সহপাঠীদের কাছে হাসির পাত্র হতেন। সেই সময়েই জন সিনা জিমে যাওয়া শুরু করেন, নিজের শরীর গঠনে মন দেন। এই সিদ্ধান্তই পরবর্তী সময় তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
কলেজে জন ফুটবল খেলতেন। স্প্রিংফিল্ড কলেজে পড়ার সময় সিনা একজন প্রতিভাবান ডিফেন্সিভ লাইনম্যান হিসেবে পরিচিতি পান। কিন্তু পেশাদার ফুটবলে বড় কিছু করতে না পারায় তিনি নতুন পথ খুঁজতে থাকেন।
শূন্য থেকে শুরু, পকেটে ছিল মাত্র ৫০০ ডলার
কলেজ শেষ করে মাত্র ৫০০ ডলার নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান সিনা। লক্ষ্য—বডিবিল্ডিং ও ফিটনেস ক্যারিয়ার গড়া। সেই সময় তিনি একটি জিমে কাজ করতেন, পাশাপাশি লিমোজিন চালাতেন। জীবনের সেই কঠিন সময়ের কথা তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছেন—কখনো কখনো গাড়ির ভেতরেই রাত কাটাতে হতো।
এই সময়েই জনের জীবনে আসে কুস্তির সুযোগ। ডব্লিউডব্লিউইয়ের ডেভেলপমেন্টাল সিস্টেমে যোগ দেওয়ার মাধ্যমে শুরু হয় তাঁর নতুন অধ্যায়।