প্রিন্ট এর তারিখঃ May 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 18, 2026 ইং
ভয়াবহ মবের শিকার হয়েছিলেন রাবিনা ট্যান্ডন

রাবিনা জানান, ২০২৪ সালে তার মুম্বইয়ের বান্দ্রার বাড়ির বাইরে প্রায় ৩০ জন উত্তেজিত জনতার একটি দল জড় হয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তার গাড়ি নাকি এক নারীকে ধাক্কা মেরেছে।
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠলেও, পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি কাউকে স্পর্শ পর্যন্ত করেনি। এক সাক্ষাৎকারে রাবিনা জানান, আসলে টাকা আদায়ের একটি পরিকল্পনা ছিল। পরিকল্পনা মাফিক তার বিরুদ্ধে ভুয়া অভিযোগ আনা হয়েছিল।অভিনেত্রীর দাবি, ওই দলটি ইচ্ছাকৃত ভাবে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল এবং পরিস্থিতি উত্তপ্ত করে অর্থ আদায় করতে চেয়েছিল।
সেই সময়ে রাবিনার স্বামী অনিল থাডানি অফিসে ছিলেন এবং বাড়িতে ছিলেন তাদের সন্তানেরা। পরিবারের নিরাপত্তার কথা ভেবেই রাবিনাই সামনে এসে দাঁড়ান। তিনি জানান, তার দীর্ঘদিনের চালককে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা হচ্ছিল। তাই তিনি নিজেই বাইরে এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন।
অভিনেত্রীর কথায়, “আমি বাইরে বেরোতেই প্রায় ৩০ জন পুরুষ আমাকে ঘিরে ধরে। তারা আমার চালককে মারধর করতে শুরু করে। আমি তাকে টেনে বাড়ির ভিতরে নিয়ে যাই। এর পর এক জন ব্যক্তি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আমি তার জামার কলার ধরে টেনে বাইরে বের করে দিই।”তিনি আরও জানান, পরিস্থিতি এতটাই ভয়ংকর ছিল যে তার ফোনও কেড়ে নেয়া হয়, যাতে তিনি পুলিশ ডাকতে না পারেন। বান্দ্রার মতো অভিজাত এলাকাতেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল বলে জানান অভিনেত্রী।
তবে ঘটনার পর মুম্বাই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানায়, রাবিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন ছিল। সেখানে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো প্রমাণ নেই।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন