
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ এবং ভ্রমণের নিষেধাজ্ঞা আগামী ১২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে জেলা প্রশাসন।
বুধবার (০৮ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিতকল্পে গত ০৬ জুলাই জারিকৃত জরুরি গণবিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো।এতে আরও বলা হয়, এ সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। পাশাপাশি ট্যুর অপারেটরসহ সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানানো হয়েছে।জেলা প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন নির্দেশনা দেওয়া হবে।