প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 14, 2026 ইং
ফেনীতে বন্যার শঙ্কা, রাতভর আনসার-ভিডিপির সতর্কতামূলক প্রচারণা

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর পানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইতোমধ্যে নদীর পানি বিপদসীমার ছুঁইছুঁই করায় মনিপুরসহ পার্শ্ববর্তী নিচু এলাকায় বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। কিছু নিচু এলাকায় লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।
পরিস্থিতি মোকাবিলায় গভীর রাতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছেন ফুলগাজী ইউনিয়ন ভিডিপি দলনেতা ও আনসার-ভিডিপি সদস্যরা। বন্যার ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে সচেতন করতে এবং পানি ঢুকলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার বার্তা দিতে তারা গভীর রাতে সতর্কতামূলক মাইকিং করছেন।
দুর্যোগের এই কঠিন মুহূর্তে আনসার-ভিডিপি সদস্যদের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকা স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করছে। তাদের এই তৎপরতা মানুষের মাঝে প্রশংসা কুড়াচ্ছে।
নদীর বাঁধ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি রাখছে স্থানীয় আনসার ভিডিপি সদস্যরা। যেকোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে স্থানীয় ভিডিপি স্বেচ্ছাসেবী ও উদ্ধারকারীরা তৎপর রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক নয়াদিন