
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনয়ের পাশাপাশি নাচেও তৈরি করেছেন আলাদা পরিচিতি। ‘শিলা কি জওয়ানি’, ‘চিকনি চমেলি’ কিংবা ‘কালা চশমা’-এর মতো গানে তার নাচ দর্শকের মনে জায়গা করে নিয়েছে। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নাচ নিয়ে কঠিন অপমানের মুখে পড়তে হয়েছিল তাকে। সেই অপমানই পরবর্তী সময়ে নিজেকে প্রমাণ করার জেদ বাড়িয়ে দিয়েছিল অভিনেত্রীর।
সম্প্রতি এক পডকাস্টে ক্যাটরিনার ক্যারিয়ারের শুরুর দিকের সেই ঘটনা তুলে ধরেন কোরিয়োগ্রাফার বস্কো মার্টিস। অনুষ্ঠানে ছিলেন কোরিয়োগ্রাফার ফরাহ খানও। বস্কো জানান, ক্যারিয়ারের শুরুতে এক কোরিয়োগ্রাফার কঠোর পরিশ্রমের পরও ক্যাটরিনাকে বলেছিলেন, ‘নাচে তুমি শূন্য। তোমার এসব ছেড়ে দেওয়া উচিত।’ কথাগুলো গভীরভাবে প্রভাব ফেলেছিল অভিনেত্রীর মনে। তবে ভেঙে না পড়ে নিজেকে আরও ভালো করার চেষ্টা করেন তিনি।
ফরাহ জানান, ‘শিলা কি জওয়ানি’ ছিল তার কোরিয়োগ্রাফ করা অন্যতম কম বাজেটের গান। মাত্র ১০ জন ছেলে ও ক্যাটরিনাকে নিয়ে গানটির শুটিং হয়েছিল। তার মতে, ‘শিলা কি জওয়ানি’-এর পর নাচের ক্ষেত্রে ক্যাটরিনার দক্ষতায় বড় পরিবর্তন আসে। এরপর একে একে জনপ্রিয় হয় ‘চিকনি চমেলি’, ‘কালা চশমা’-এর মতো গান।
এর আগে ক্যাটরিনাও জানিয়েছিলেন, শুরুতে তাকে বলা হয়েছিল তিনি নাচতে পারেন না। বস্কো তাকে আত্মবিশ্বাস দিয়ে বলেছিলেন, তিনি ভালো নাচেন, শুধু আরও প্রশিক্ষণ প্রয়োজন। সেই পরামর্শই নাচে নিজেকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে, গত দুই বছর বড়পর্দা থেকে দূরে রয়েছেন ক্যাটরিনা। ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্মের পর মাতৃত্ব উপভোগ করছেন তিনি। তার সর্বশেষ সিনেমা ‘মেরি ক্রিসমাস’ মুক্তি পায় ২০২৪ সালে।