
‘মিস অ্যান্ড মিসেস ডক্টর-সিজন ১’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখলেন কানিজ ফাতেমা ছোঁয়া। গত ৩১ অক্টোবর রাজধানীর একটি অভিজাত হোটেলে বিজয়ের মুকুট মাথায় ওঠার মুহূর্তে বারবার বাবার মুখ মনে পড়ছিল তার। কারণ জীবনের প্রতিটি অর্জনে বাবাই ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
চিকিৎসক হওয়ার পাশাপাশি অভিনয়, গান, নাচ ও ছবি আঁকার প্রতিও রয়েছে তার গভীর আগ্রহ। পড়াশোনা শেষ করার আগেই অভিনয়ে যুক্ত হয়েছিলেন তিনি। তার অভিনয় দেখে গুণী অভিনেতা ও চিকিৎসক ডা. এজাজুল ইসলামও প্রশংসা করেছেন, বিশেষ করে সংলাপ প্রক্ষেপণ ও উচ্চারণে তার দক্ষতার কথা উল্লেখ করেছেন।
ছোঁয়ার জীবনে বাবার অনুপ্রেরণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাবা জি এম কামরুল হুদা একসময় ব্যাংকে চাকরি করতেন। দেড় বছর ধরে স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে বাসায় আছেন তিনি। মা ফিরোজা হুদা এবং ছোট ভাই তানজিমকে নিয়ে পরিবারের দায়িত্বও ছোঁয়ার ভাবনায় রয়েছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি নিজের শিল্পীসত্তাকেও বাঁচিয়ে রাখতে চান এই তরুণী।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানিয়ে ছোঁয়া বলেন, ‘যখন দেশের বাইরে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, তখন সেখানে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে গানে গানে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করতাম। আমার কেন যেন মনে হতো, ভেতরে একটা শিল্পীসত্তা রয়েছে। অভিনয় করতে, গাইতে, নাচতে ও ছবি আঁকতে ভালো লাগে। এই রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হওয়ার পর বারবার শুধু আব্বুর চেহারাটাই ভেসে উঠছিল। আব্বু আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন। অর্জনের সেই মুহূর্তে খুব মিস করছিলাম তাকে।’
ছোঁয়া জানান, চিকিৎসক হিসেবে কাজ করার পাশাপাশি অভিনয়ও চালিয়ে যেতে চান তিনি। একই সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনাগুলো নিয়ে কাজ করার স্বপ্ন রয়েছে তার। চিকিৎসা ও সংস্কৃতি—দুই ক্ষেত্রেই নিজের অবদান রাখতে চান এই তরুণী।