
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেল আই সুপারস্টার শিরোপা জয়ের মধ্যদিয়ে শোবিজে তার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে নাম লেখান সিনেমায়। এরপর বহু নাটক, টেলিফিল্মে অভিনয় করেও দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তবে একটা সময় সিনেমাতেই থিতু হন এ অভিনেত্রী। সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন মিম।
বিদ্যা সিনহা মিম কয়েকদিন ধরে স্বামী সনিকে নিয়ে থাইল্যান্ডে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। আজ এ অভিনেত্রীর জন্মদিন। দিনটি কীভাবে কাটাবেন ও কোথায় কাটাবেন এ বিষয়ে জানতে চাইলে মিম বলেন, ‘আমি আর সনি থাইল্যান্ডের বিভিন্ন শহরে নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছি, সময় কাটিয়েছি। জন্মদিন উপলক্ষেই নিজেদের ব্যস্ততার ফাঁকে ঘুরতে আসা। তবে জন্মদিন পরিবারের সঙ্গেই কাটব। যে কারণে আজই আমি আর সনি ঢাকায় ফিরব। প্রতিবারের মতো এবারও যথারীতি পরিবারের মানুষ এবং কিছু প্রিয় মানুষদের সঙ্গে জন্মদিনের পুরোটা সময় কাটবে। আমি সবার কাছে আশীর্বাদ চাই, ঈশ্বর যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
মিমের অভিষেক সিনেমা ‘আমার আছে জল’। এরপর তার অভিনীত আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘তারকাঁটা’, ‘ইয়েতি অভিযান’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আমি নেতা হবো’, ‘পাষাণ’, ‘সাপলুডু’, ‘পরাণ’, ‘দামাল’ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মালিক’। মিমের অভিনয় জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা তিনটি। সেগুলো হলো হুমায়ূন আহমেদের সিনেমা ‘আমার আছে জল’, অন্যদিকে খালিদ মাহমুদ মিঠু’র ‘জোনাকির আলো’তে অভিনয় করে মিম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। আবার ব্যবসায়িক সফলতার বিবেচনায় তার ক্যারিয়ারের সেরা সিনেমা রায়হান রাফি’র ‘পরাণ’। মিমকে সর্বশেষ দেখা গেছে ‘লাইফলাইন’ ওয়েবফিল্মে।
বর্তমানে মিম একাধিক প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন নিয়মিত। এরই মধ্যে তিনি শেষ করেছেন আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার কাজ। এই সিনেমায় মিমের সহশিল্পী শরীফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান।