
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার আপত্তিকর বিকৃত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক যুবককে মুক্তির নির্দেশ দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত। গ্রেপ্তারের ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় আদালত এ আদেশ দেন। একই সঙ্গে অভিযুক্তকে তিন দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদনও খারিজ করা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপত্তিকর বিকৃত ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে পুলিশের দ্বারস্থ হন সোনাক্ষী। তার অভিযোগের ভিত্তিতে বান্দ্রা থানায় একটি মামলা করা হয়। এ ঘটনায় দিল্লির বাসিন্দা আরিয়ান দীপক জৈনকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।
গত ১৫ নভেম্বর সকাল ১০টা ১১ মিনিটের দিকে দিল্লির শাহদারা এলাকার জগতপুরি থানা এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। পরে বিমানে করে তাকে মুম্বাইয়ে নিয়ে আসে পুলিশ। অভিযুক্তের ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের জন্য তিন দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করে বান্দ্রা পুলিশ।
তবে দিল্লি থেকে সরাসরি মুম্বাইয়ে নিয়ে আসার আগে স্থানীয় আদালতে হাজির না করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট। ভারতের আইন অনুযায়ী, গ্রেপ্তারের পর অভিযুক্তকে অন্য রাজ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। পুলিশ কেন তা করেনি, আদালতে এর কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
আদালতে অভিযুক্তের আইনজীবী আমান শাহী, প্রশান্ত ত্রিবেদী ও আদিত্য জৈনও গ্রেপ্তারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তাদের দাবি, গ্রেপ্তারের আগে পুলিশ বাধ্যতামূলক নোটিশ দেয়নি এবং আটকের কারণও জানায়নি। অভিযোগকারীর প্রভাবশালী অবস্থানের কারণে পুলিশ তাড়াহুড়ো করে এ গ্রেপ্তার চালিয়েছে বলেও দাবি করেন তারা। আইনজীবীদের মতে, আরিয়ান কোনো অপরাধ করেননি এবং তার বিরুদ্ধে প্রয়োগ করা আইনি ধারাগুলোও প্রযোজ্য নয়।
গ্রেপ্তারের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) নির্দেশনা মানা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ম্যাজিস্ট্রেট। আদালত জানান, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সর্বোচ্চ সাজা সাত বছর পর্যন্ত কারাদণ্ড। এ ধরনের ক্ষেত্রে বিএনএসএসের ৩৫(১)(বি) ধারা অনুযায়ী, গ্রেপ্তার কেন প্রয়োজন, তদন্তকারী কর্মকর্তাকে তার কারণ লিখিতভাবে উল্লেখ করতে হয়।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুধু তদন্তের প্রয়োজনে কাউকে গ্রেপ্তার ও আটক রাখা যায় না। এ ক্ষেত্রে আইনে নির্ধারিত সুরক্ষাব্যবস্থা ও প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ম্যাজিস্ট্রেট বলেন, ‘আরও তদন্তের প্রয়োজনীয়তা একাই আইননির্ধারিত সুরক্ষাব্যবস্থা অনুসরণ না করে কাউকে গ্রেপ্তার ও আটকে রাখার যৌক্তিকতা হতে পারে না।’
এসব আইনি ত্রুটির কারণে পুলিশের তিন দিনের হেফাজতের আবেদন নাকচ করে আরিয়ানকে মুক্তির নির্দেশ দেন আদালত। তবে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়নি। সোনাক্ষীর অভিযোগের ভিত্তিতে বান্দ্রা পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।