আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও মানুষকে নিয়ে কুৎসা রটনাকারী, মিথ্যাচারকারী ও স্বাধীনতাবিরোধীদের দেশের মানুষ ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, আজ একটি দল কুৎসা রটাচ্ছে, মিথ্যা বলছে, আমাদের নেতাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশে কি এদের জায়গা আছে? এরা কি ভোট পাবে? এরা কখনোই দেশের মানুষের ভোট পাবে না।বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, কিন্তু মাথা নত করেনি। সিলেটের মানুষের মধ্যে এর অন্যতম উদাহরণ মো. ইলিয়াস আলী।তিনি আরও বলেন, তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়ন করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। আজকের এই যাত্রা নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। তাই আসুন, সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নেমে পড়ি। আগামী বাংলাদেশের রূপরেখা সাজাই।এদিন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির এই নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্যের পর দুপুর ১২টা ২৫ মিনিটে জনসভার মঞ্চে ওঠেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তার মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। এ সময় স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জনসভার মাঠ।