রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় কথা কাটাকাটির জেরে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে হৃদয় ওরফে শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। নিহতরা হলেন- রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)।
রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান থানার কিচের রোডের আল আমিন মসজিদের পাশে একটি পাঁচতলা ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাশুড়ি ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর মেয়ে রাত্রি ঘটনাস্থলেই মারা যান।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলে আশিক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সকাল ৯টার দিকে কলাবাগান থানার আলামিন মসজিদের ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা কাটাকাটি হয় শিপনের। পরে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ছুরি দিয়ে শাশুড়িকে এবং স্ত্রীকে আঘাত করেন শিপন। এতে ঘটনাস্থলে রাত্রি মারা যান। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপরও তারা একসঙ্গে থাকতেন।
হত্যাকারী শিপন থানা পুলিশের হেফাজতে রয়েছে।
নিউজ ডেস্ক: