বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে গতকাল আগামী ১৯ জুলাই থেকে ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৬০ দিনব্যাপী মেসন (রাজমিস্ত্রী), শাটারিং কার্পেন্টার ও স্টিল ফিক্সার প্রশিক্ষণ আনসার-ভিডিপি (পুরুষ) উপলক্ষে আজ দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, গাজীপুর এবং আনসার ও ভিডিপি জেলা কার্যালয়, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, নোয়াখালী, সুনামগঞ্জ, পাবনা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নওগাঁসহ মোট ১০টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর কর্তৃক গঠিত বাছাই কমিটি নির্ধারিত নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ লক্ষ্যে AVMIS App-এর TRGMS এবং AVJOBS Portal-এর মাধ্যমে পূর্বে নিবন্ধন সম্পন্নকারী যোগ্য প্রার্থীদের সরাসরি উপস্থিতিতে বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
বাছাই কার্যক্রমের শুরুতে প্রার্থীদের উচ্চতা ও ওজন পরিমাপ করা হয়। এরপর জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরবর্তী ধাপে প্রার্থীরা গুগল ডকের মাধ্যমে নিজ হাতে প্রয়োজনীয় তথ্য পূরণ করেন। সবশেষে মৌখিক (ভাইভা) পরীক্ষার মাধ্যমে তাদের যোগ্যতা, দক্ষতা, আগ্রহ ও প্রশিক্ষণ গ্রহণের সক্ষমতা মূল্যায়ন করে চূড়ান্তভাবে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হয়। প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং নির্ধারিত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করায় প্রশিক্ষণের জন্য প্রকৃত যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্বাচন নিশ্চিত হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কর্মমুখী প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা দেশের নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের সুযোগ লাভের পাশাপাশি আত্মকর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি করতে পারবেন।
একই সঙ্গে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধি, নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং প্রয়োজনীয় কর্মসংস্থান সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে, যা সদস্যদের জীবনমান উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
নিউজ ডেস্ক: