বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও পেশাদারিত্বের মাধ্যমে রাজধানীর বারডেম-২ (নারী ও শিশু) হাসপাতালে এক মোবাইল চোরকে আটক করে চুরি যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ১১টায় ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের রমনা থানাধীন সেগুনবাগিচায় অবস্থিত বারডেম-২ (নারী ও শিশু) হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা এক নারী সেবাগ্রহীতার ব্যবহৃত Realme C30 মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি হয়ে যায়। ভুক্তভোগী নারী হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অঙ্গীভূত আনসার সদস্যদের ইনচার্জ প্লাটুন কমান্ডার (পিসি) মো. সোহরাব হোসেনের শরণাপন্ন হয়ে সহায়তা কামনা করেন।
অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পিসি মো. সোহরাব হোসেন দ্রুত ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে চুরি যাওয়া মোবাইল ফোনসহ মো. মিন্টু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে ভুক্তভোগীর চুরি যাওয়া মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রমনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণ, রোগী ও স্বজনদের জানমালের সুরক্ষা এবং চুরি-ছিনতাই ও দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে সার্বক্ষণিক সতর্ক থেকে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সময়োপযোগী পদক্ষেপ, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার ফলে হাসপাতাল এলাকায় নিরাপদ, সুশৃঙ্খল ও সেবাবান্ধব পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
নিউজ ডেস্ক: