সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে হরিনগর, অমৃতশ্রী ও ইনাতনগর গ্রামের বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়।
কার্যক্রমে ইউনিয়ন দলনেতা আব্দুল হান্নান নিজ উদ্যোগে নৌকার মাধ্যমে পানিবন্দি অসহায় মানুষ এবং তাদের প্রয়োজনীয় মালামাল নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন। পাশাপাশি তিনি ও তাঁর দল বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
এ মানবিক কার্যক্রমে ইউনিয়ন দলনেতা আব্দুল হান্নানের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ভিডিপি সদস্য জাকির এবং ভিডিপি সদস্যা নিঝুম, আনোয়ারা ও নাজমা। তাঁদের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সেবামূলক কার্যক্রম বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় বাসিন্দারা আনসার-ভিডিপি সদস্যদের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। দুর্যোগকালীন মুহূর্তে মানুষের পাশে থেকে উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং ত্রাণ সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আবারও জনসেবায় তাদের অঙ্গীকার ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
নিউজ ডেস্ক: