দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
এদিকে, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ প্রক্রিয়া শেষ করা হবে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।
নিউজ ডেস্ক: