গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসেবক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।
গত ২ জুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তাঁকে বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করে। তাঁর এই মনোনয়নকে যুব উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি ঢাকা-১৭ আসনের আইন উপ-কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আন্তর্জাতিক মানের চিন্তাশীল আইনবিদদের সংগঠন গ্লোবাল ল থিংকারস সোসাইটি (GLTS)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বোর্ডের সদস্য হিসেবে অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দূরদর্শী চিন্তাভাবনা যুব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
তাঁর এ মনোনয়নের খবরে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দ ও সন্তোষের সঞ্চার হয়েছে। বিশেষ করে কটিয়াদী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তিনি তাঁর মেধা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের যুবসমাজের কল্যাণে কার্যকর অবদান রাখবেন।
সচেতন মহলের মতে, অ্যাডভোকেট আশরাফ জালাল খান মননের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং কিশোরগঞ্জ তথা কটিয়াদী উপজেলার জন্যও একটি সম্মানজনক অর্জন। তাঁর নেতৃত্বে যুবকল্যাণ তহবিলের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দেশের তরুণ প্রজন্মের উন্নয়ন ও ক্ষমতায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
নিউজ ডেস্ক: