হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলা-এ আলোচিত নাজমা আক্তার হত্যা মামলায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বর্তমান বাদীর বিরুদ্ধে আসামিপক্ষের সঙ্গে সখ্যতার অভিযোগ তুলে আদালতে বাদী পরিবর্তনের আবেদন করা হয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর লামাতাসী ইউনিয়নের কাজীহাটা গ্রামের বাসিন্দা জসীম উদ্দিনের স্ত্রী নাজমা আক্তারকে গত ২০ অক্টোবর ২০২৫ রাতে হাত বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নার্গিস আক্তার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার নেয় বাংলাদেশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্তের একপর্যায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। মামলার এক আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানা গেছে। এদিকে নিহতের ভাই মনির মিয়া হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা আবেদনে দাবি করেন, বর্তমান বাদী নার্গিস আক্তার আসামিপক্ষের প্রভাবে মামলার সুষ্ঠু বিচার ব্যাহত করছেন। আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার এক আসামি আব্দুল গণির পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দেওয়া হয়েছে। পাশাপাশি ওই আসামির ছেলের সঙ্গে বাদীর সম্পর্ক ও বিয়ের বিষয়টিও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারী অভিযোগ করেন, মামলার প্রকৃত রহস্য আড়াল ও অভিযুক্তদের রক্ষায় বিভিন্ন তৎপরতা চালানো হচ্ছে, যা বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এ অবস্থায় নাজমা আক্তার হত্যার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে তিনি নিজেকে মামলার নতুন বাদী হিসেবে অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্ত এখন স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে এ বিষয়ে বর্তমান বাদী বা অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নিউজ ডেস্ক: