মো:শহিদুল ইসলাম :
আসন্ন ৩নং দেউলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় বসবাসরত দেউলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে নিয়ে এক নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) মাগরিবের নামাজের পর রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিংয়ের ৩ নম্বর রোডে অবস্থিত হামিম মডেল স্কুলে এ সভার আয়োজন করা হয়।
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৩নং দেউলা ইউনিয়নের ঢাকাস্থ বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ।
সভায় বক্তারা দেউলা ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, মাদক নির্মূল, যুবসমাজের উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় ঢাকায় বসবাসরত দেউলা ইউনিয়নের বিপুলসংখ্যক ভোটার ও সাধারণ মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “দেউলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, সুশাসনভিত্তিক ও মাদকমুক্ত ইউনিয়নে পরিণত করাই আমার প্রধান লক্ষ্য। মাদক আজ আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলে তরুণদের খেলাধুলা, শিক্ষা ও কর্মমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”
তিনি বলেন, “যুবকরাই একটি এলাকার সবচেয়ে বড় শক্তি। তাদের সঠিক দিকনির্দেশনা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে সমাজে অপরাধ, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আমি নির্বাচিত হলে যুবকদের জন্য প্রশিক্ষণ, ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেব।”
রিয়াজুল ইসলাম রিয়াজ আরও বলেন, “সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে আমার কাছে পৌঁছাতে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; আমি সবসময় জনগণের পাশে থাকব।”
তিনি আরও উল্লেখ করেন, এলাকার উন্নয়ন ও জনগণের সেবার স্বার্থে যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেও তিনি নির্বাচনী মাঠে থাকবেন এবং জনগণের আস্থা ও সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ভোটার ও স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, এ ধরনের মতবিনিময় সভা জনগণের প্রত্যাশা ও সমস্যাগুলো সরাসরি জানার সুযোগ তৈরি করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দেউলা ইউনিয়নের উন্নয়ন, মাদক নির্মূল এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় ঢাকাস্থ দেউলা ইউনিয়নবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
নিউজ ডেস্ক: